দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠপর্যায়ের পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, রাজধানীতে দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ বসবাস করেন। তাই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুরো দেশের স্থিতিশীলতার স্বার্থেই অপরিহার্য। মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে সিনিয়র কর্মকর্তাদের সরাসরি মনিটরিং বাড়ানোর পাশাপাশি সঠিক তদারকি নিশ্চিত করতে হবে। এতে নিচের স্তরের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে উৎসাহিত হবেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অন্যায়ের কাছে মাথা নত না করে দেশের স্বার্থে ও জনগণের শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন। তবে ইচ্ছাকৃত ভুল বা ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তার দায় পুলিশ বাহিনী নেবে না। এ ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজনৈতিক নিরপেক্ষতা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, ‘দল-মত নির্বিশেষে পুলিশের পরিচয় একটাই—আমরা আইন ও জনগণের সেবক।’
মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আইজিপি বলেন, বর্তমানে ঐতিহ্যগত অপরাধের চেয়ে সাইবার অপরাধ, গুজব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুলিশকে অকার্যকর করার ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএম/